কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

0
25
কাতার প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ সামরিক অভিযান শুরুর পর রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানও পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে বসবাসরত প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

এই উদ্ভূত ও বিপজ্জনক পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। সবাইকে নিজ নিজ আবাসে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

জরুরি পরিস্থিতিতে প্রস্তুতির অংশ হিসেবে দূতাবাস প্রবাসীদের নগদ টাকা, কাতার আইডি (QID), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সাথে রাখার অনুরোধ জানিয়েছে। এছাড়া কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান সংঘাত সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই ফেসবুক বা অন্যান্য মাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত যত্নশীল হতে বলা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা বিপদে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইলের (mission.doha@mofa.gov.bd) মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here