প্রথম আলো ভবনে হামলা: দুই মাসের মধ্যে চার্জশিট জমার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

0
20
প্রথম আলো ভবনে হামলা: দুই মাসের মধ্যে চার্জশিট জমার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে উগ্রবাদীদের হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হামলায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ প্রথম আলো ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রগতিবিরোধী কোনো উগ্র শক্তি সমাজের অগ্রযাত্রাকে রুখতে পারবে না এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই সরকার সেই বার্তা দিতে চায়।

হামলায় বিধ্বস্ত আসবাবপত্র ও নথিপত্র নিয়ে আয়োজিত ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’র ১১তম দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনীটি ঘুরে দেখে তিনি মন্তব্য করেন যে, ধ্বংসস্তূপ থেকে নতুন করে জেগে ওঠার এই প্রচেষ্টা একটি জীবন্ত জাদুঘরের মতো মনে হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ইতিহাস সাক্ষী যে সাম্প্রদায়িক বা উগ্রবাদী শক্তি কোনোদিন কোনো জাতির উন্নয়নকে থামিয়ে দিতে পারেনি।

সালাহউদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনার পর থেকেই সুষ্ঠু তদন্তের দাবি ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এই তদন্ত নিশ্চিত করা তার নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাতের একটি ভুল বার্তা বিশ্বে ছড়িয়েছে। সেই ধারণা পাল্টে দিতেই সরকার স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

সরকারের নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতে যেন কেউ গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা চালানোর দুঃসাহস না দেখায়, সেজন্যই সবার সহযোগিতা নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here