কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ককটেল হামলা, আহত ১

0
22
কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ককটেল হামলা, আহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে শুকুর আলী নামে এক চা দোকানি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরিহিত ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে শফিকুল ইসলাম ডাবলুর অফিসের সামনে যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকুরিয়াম ভাঙচুর করে তারা পালিয়ে যায়। হামলায় আহত চা দোকানি শুকুর আলীকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, দিনভর বালুঘাটের দখল ও আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। সকালে বাহাদুরপুর এবং দুপুরে বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ায় অফিস ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। রাতের এই হামলাকে দিনের সেই সংঘাতের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলু জানান, ঘটনার সময় তিনি অফিসের ভেতরেই ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা নাকি ঠিকাদারি ব্যবসার শত্রুতা থেকে এই হামলা হয়েছে তা নিশ্চিত না করলেও তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here