নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন নামে এক যুবকের অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত রোববার রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর শনিবার রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা খোকনকে অন্য কোথাও পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার পর লাশটি এই ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আব্দুল মোন্নাফ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে এবং লাশটি আগুনে পোড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী পুরোদমে তদন্ত শুরু করেছে।