জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টার দিকে সে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে পোশাক পরিবর্তন করছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ঘরে ঢুকে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে খাটের ওপর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আলম মন্ডল পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পরদিন অর্থাৎ ২০২৩ সালের ১১ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌসী রিনি জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।