হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

0
34
হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশীদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দা, দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে হাফিজুল ও তার ভাইয়েরা অনুপস্থিত থাকায় প্রবাসী ভাই কামরুজ্জামানের স্ত্রী নূরজাহানের উপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার ছেলে আলামিন ফেরাতে গেলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরদিন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় হত্যা মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে ন্যায় বিচারে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here