বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা আছে এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে—সংরক্ষিত নারী আসনে দল তাদেরই বাছাই করবে।
শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার প্রায় ৫০০ ফরম বিক্রি হয়েছে এবং শনিবার সকাল ১০টা থেকে আবার ফরম বিতরণ চলছে। শুক্রবার, শনিবার ও রোববার—এই তিন দিন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।
তিনি বলেন, আবেদনগুলো দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে যাবে এবং প্রক্রিয়া অনুযায়ী চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিএনপি সবসময় যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী বাছাই করে, এবারও সেই ধারা অনুসরণ করা হবে।
রিজভী আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংসদসহ স্থানীয় সরকার পর্যায়ের প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবেন।
সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল থেকে ব্যাপক ভিড় দেখা গেছে। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক অবদান তুলে ধরতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন।