ভিসা নিয়ে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

0
29
ভিসা নিয়ে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে নতুন কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের ‘শত্রুদের’ সমর্থন করবে এবং পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থকে দুর্বল করতে সহায়তা করবে, তাদের ভিসা সীমিত করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জনের ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতিকে ‘ডনরো ডকট্রিন’ হিসেবে উল্লেখ করেছেন, যা উনবিংশ শতকের মনরো ডকট্রিনের আধুনিক রূপ হিসেবে বিবেচিত।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষকে সহায়তা করা, কৌশলগত সম্পদ অর্জনে সহায়তা দেওয়া, আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করা কিংবা মার্কিন অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক পাচার রোধ ও লাতিন আমেরিকায় চীনের প্রভাব কমাতে কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধেও ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইরান-সম্পর্কিত ব্যক্তিদের ভিসা বাতিল, ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্রাজিল ও কলম্বিয়ার কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে। তবে নতুন করে যাদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রশাসন জানিয়েছে, এই নীতি অভিবাসন নিয়ন্ত্রণ এবং বিদেশি গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টির বৃহত্তর কৌশলের অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here