জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল করবে ১১ দলীয় জোট। বিকেল ৫টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ঢাকা মহানগর ১১ দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গণমিছিল থেকে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিও জানানো হবে। এতে জোটের শীর্ষ নেতা ও ঢাকা মহানগরের নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলের পর ২৫ এপ্রিল বিভাগীয় জেলাগুলোতে এবং ২ মে দেশের সব জেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নই এই আন্দোলনের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, রাষ্ট্রব্যবস্থায় এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাই জুলাই সনদকে আইনে রূপান্তর করে সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।