সাভারের আশুলিয়ায় বিয়েবাড়িতে যাওয়ার সময় ৩০ জন যাত্রীসহ একটি বাস খাদে পড়ে অন্তত ২২ জন আহত হয়েছেন। এঘটনায় বাসটির চালক ও চালকের সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার বাইশমাইল-নালাম আঞ্চলিক সড়কের নলাম ব্রিজের পাশে যাত্রীসহ বাসটি খাদে পড়ে যায়। এঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
আহত যাত্রীরা জানান, সন্ধ্যার আগে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রাম থেকে ৩০ জন যাত্রী নিয়ে ভাড়ারিয়ার কাকড়ান এলাকায় বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলো। কিন্তু পথে রাস্তা ভুল করে আশুলিয়ার নলাম এলাকায় যায় চালক। ভুল বুঝতে পেরে চালক গাড়ি ঘোড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এসময় অন্তত ২২ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।