চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপ লোহার দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল ২টার দিকে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দোকানের মালিক কামাল উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরমান নোয়াখালীর রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিপব্রেকিং ইয়ার্ড থেকে আনা স্ক্র্যাপ লোহা কাটার জন্য দোকানে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছিল। সিলিন্ডারগুলো নামানোর পর দোকানে নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আরমান মারা যান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।