চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ মে) নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে তাকে আটক করা হয়। আরিফুল আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন।
ডিবি কর্মকর্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
আরিফুলের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, তিনি একসময় দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সক্রিয় নন এবং তার কোনো পদ নেই।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. আব্দুল করিম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।