সৌদি আরবে পৌঁছালেন ৫১ হাজার হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ১২ জনের

0
23
সৌদি আরবে পৌঁছালেন ৫১ হাজার হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ১২ জনের

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১১ মে) পর্যন্ত মোট ১৩১টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন রয়েছেন। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬১টি ফ্লাইটে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইনস ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা প্রদানের লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে ১৪ হাজার ৮৬৯টি সেবা দেওয়া হয়েছে।

তবে এবারের হজ যাত্রায় শোকের খবরও রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া ১২ জন হজযাত্রী মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন। সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here