রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৬

0
1
রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৬

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, সন্ত্রাসী কার্যক্রম, দাঙ্গাবাজি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একাধিক আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন- রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), রাঙামাটি জেলা শ্রমিকলীগের সভাপতি মো. কবির (৫২), রাঙামাটি সদর কৃষকলীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), যুবলীগ সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. জসিম (৩৮), ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সদস্য মো. নয়ন (১৯), নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫) এবং কাপ্তাই ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল (৩৮)।

এছাড়া অভিযানে শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) ও হাফিজুর রহমান (২৯) নামে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা, দাঙ্গাবাজি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here