উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি; ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ছবি: বার্তা ২৪.কম
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। নদী তীরবর্তী হাজার হাজার পরিবার পানিবন্দি হওয়ার ঝুঁকিতে রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার। এটি নির্ধারিত বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ১ সেন্টিমিটার বেশি।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারতের উজানে কয়েকদিন ধরে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়েছে। এর প্রভাবে নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার সড়ক ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, পানি আরও বৃদ্ধি পেলে বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক এলাকায় নৌকা ও ভেলা যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজান থেকে পানি প্রবাহ অব্যাহত থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, দুপুর ৩টায় তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।