‘দিদি নম্বর ওয়ান’এ রচনার জায়গায় স্বস্তিকা

0
1
‘দিদি নম্বর ওয়ান’এ রচনার জায়গায় স্বস্তিকা

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’এ আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই নতুন মৌসুমের ঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ, আর তাতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রায় দুই দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘দিদি নম্বর ওয়ান’। সাধারণ নারী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে। আর এই দীর্ঘ যাত্রায় রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তাঁর সহজ-সরল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আলাদা উচ্চতায় নিয়ে যায়।

তবে এবার সেই পরিচিত চেহারার জায়গায় আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেক দর্শক। আবার কেউ কেউ মনে করছেন, রচনার জায়গা পূরণ করা সহজ হবে না।

নতুন দায়িত্ব নিয়ে স্বস্তিকা জানিয়েছেন, তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি অনুষ্ঠানটির নতুন অধ্যায় শুরু করতে চান। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, এটি ১০ বছরের নয়, টানা ২০ বছরের একটি সফল আয়োজন। ফলে এই দায়িত্ব তাঁর কাছে যেমন সম্মানের, তেমনি চ্যালেঞ্জেরও।

রচনা বন্দ্যোপাধ্যায় নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ‘দিদি নম্বর ওয়ান’-এর মাধ্যমে তিনি ঘরের মানুষ হয়ে ওঠেন। একসময় তিনি নিজেই জানিয়েছিলেন, এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়েই চলচ্চিত্র থেকে ধীরে ধীরে দূরে সরে যান। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয়ী হন।

নতুন মৌসুমে শুধু সঞ্চালক নয়, পরিবর্তন এসেছে প্রচারের সময়েও। আগে বিকেলে প্রচারিত হলেও এবার সোম থেকে শুক্রবার রাত সোয়া ১০টায় দেখা যাবে অনুষ্ঠানটি। আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে স্বস্তিকা কীভাবে দর্শকদের মন জয় করেন, সেদিকেই এখন সবার নজর। রচনার দীর্ঘদিনের উত্তরাধিকার ধরে রেখে তিনি অনুষ্ঠানটিকে নতুন মাত্রা দিতে পারেন কি না, সেটিই হবে সবচেয়ে বড় প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here