গণভোট ব্যর্থ হলে সরকারও টিকবে না: জামায়াত আমির

0
2
গণভোট ব্যর্থ হলে সরকারও টিকবে না: জামায়াত আমির

গণভোটের ফল বাস্তবায়ন না হলে সরকারও টিকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, সেই রায়ের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের বৈধতা দাবি করছে। তাই গণভোটকে অকার্যকর করা হলে সরকারও জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে না।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ সরকারকে তা মানতে বাধ্য করবে। তার ভাষ্য, গণভোট ব্যর্থ হলে বর্তমান সরকারকেও জনগণ ব্যর্থ করে দেবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসেও দলটি কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেনি। পরে তারা বিষয়টি উপলব্ধি করেছে। তার আহ্বান, অতীতের মতো জাতিকে ক্ষতির মুখে ঠেলে না দিয়ে এখনই বাস্তবতা উপলব্ধি করা উচিত।

তিনি আরও বলেন, তারা রাজপথে আন্দোলন করতে চান না, বরং সবাইকে সাথে নিয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে চান। তবে সরকার যদি বিরোধী দলগুলোকে ধারাবাহিকভাবে আন্দোলনের দিকে ঠেলে দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তার দাবি, রাজপথ উত্তপ্ত হলে এর প্রভাব দেশের জন্যও ক্ষতিকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here