জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর প্রথম ভাষণ দেবেন তারেক রহমান

0
2
জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর প্রথম ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একইসাথে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে একাধিক সাইডলাইন বৈঠক করার সম্ভাবনাও রয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নিউইয়র্ক সফর হবে সংক্ষিপ্ত। প্রধানমন্ত্রী সেখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

জানা গেছে, সীমিত পরিসরে এ সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here