শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন (২৩)। দেলোয়ার সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং সাদেক কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সন্দেহ হলে ভোররাতে হ্যান্ডেল মোড় এলাকায় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের একটি ঘরে নিয়ে গণধোলাই দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ দুজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।
এদিকে ইয়াবাসহ আটকের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।