ঘেরে গোপনে মজুত ১৪ অস্ত্র, পুলিশের অভিযানে আটক দুই তরুণ

0
18
ঘেরে গোপনে মজুত ১৪ অস্ত্র, পুলিশের অভিযানে আটক দুই তরুণ

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে ১৪টি দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে চালানো এ অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক সৈকত পালিয়ে যান।

আটক দুজন হলেন বরিশাল নগরীর কাউনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান এবং ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, অভিযানে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এসব মিলিয়ে মোট ১৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটক মেহেদী হাসান ও আব্দুর রহমান দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ঘেরটিতে এত বিপুল অস্ত্র কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এসব অস্ত্র কারা ব্যবহার করত, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে কোনো বড় চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

একটি ঘেরের ভেতর রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো প্রাণঘাতী অস্ত্র মজুতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। সেখানে অস্ত্রসহ দুই তরুণকে আটক করা গেলেও মূলহোতা সৈকত পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনো বড় ধরনের অপরাধে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না এবং এর পেছনে কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here