ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সিইসির বৈঠক মঙ্গলবার

0
2
ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সিইসির বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সাথে মঙ্গলবার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, মঙ্গলবার সকাল ১১ টায় সংসদ ভবনে স্পিকারের সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি।

প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ চেয়ে সোমবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মাননীয় স্পীকারের সাথে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে।

এ বিষয়ে স্পীকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে বলা হয়েছে, সাক্ষাতের সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার-এর সাথে নির্বাচন কমিশনার মহোদয়গণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে মাননীয় স্পিকারের দফতরে অবস্থান করবেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here