সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল্লাহ আল মামুন

0
4
সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল্লাহ আল মামুন

সিলেট জেলা প্রশাসকের (ডিসি) পদে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। রদবদলের ধারাবাহিকতার পর সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। তিনি জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে পদায়ন করা হয়। তবে তিনি সিলেটে যোগ দিতে আসার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান। পরে সেই নিয়োগও বাতিল করা হয়।

পরবর্তীতে গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কাজ শুরু করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ আগস্ট সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। চলতি বছরের ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here