রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মোবাইল ফোন, বিপুল পরিমাণ সিমকার্ড, ব্যাংকের কার্ড ও চেক বইসহ বিভিন্ন অপরাধমূলক আলামত জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার এই অভিযানে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। এর মধ্যে—
মিরপুর বিভাগে: ১১৯ জন, তেজগাঁও বিভাগে: ৬৭ জন, উত্তরা বিভাগে: ৫৬ জন, মতিঝিল বিভাগে: ৫৪ জন, ওয়ারী বিভাগে: ৪৯ জন, রমনা বিভাগে: ৩১ জন, লালবাগ বিভাগে: ৩০ জন, গুলশান বিভাগে: ২৯ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ৬ জন।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি): ১ জন।
অভিযানকালে আসামিদের হেফাজত ও বিভিন্ন স্থান থেকে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন বস্তু যেমন— ছাতার পোড়া কাপড়, ছাতার বাট ও রডের খণ্ড, সানলাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির অংশ, জিআই পাইপের অংশ ও ১২টি বিরিং বল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে ২৯টি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।