ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে কেন্দ্র করে চারটি পরিবহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের কাভার্ডভ্যানও ব্রেক করে। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগতির একটি স্বাধীনতা পরিবহনের মিনিবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা ও এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের প্রাথমিক ধারণা, মহাসড়কের মূল লেনে নষ্ট বাস দাঁড়িয়ে থাকায় পেছনের যানবাহনগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এ থেকেই দুর্ঘটনার সূত্রপাত।