ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন রিকশা চালকরা। কর্মসূচি স্থগিতের পর প্রেস ক্লাব এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তারা প্রেস ক্লাব এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান। এর পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসা হবে।
এদিকে, আজকের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব ছাড়াও মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েন।
রিকশাচালকরা আশা করছেন, বৈঠকের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

