ফুটবলপ্রেমীদের জন্য সুখবর— আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকবে।
নিশ্চিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভিতে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকরা সহজেই টেলিভিশনের মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন।
বিশ্বকাপের মতো বড় আসরে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা থাকে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্পেনের মতো দলের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে রাত জেগে খেলা দেখার প্রবণতা এবারও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে, ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪টিতে।
টেলিভিশনের পাশাপাশি অনলাইন ও মোবাইল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপেও ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।
ফলে স্মার্টফোন, কম্পিউটার ও স্মার্ট টিভি ব্যবহারকারীরাও যেকোনো জায়গা থেকে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।