অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ শতরান করেছেন বিরাট কোহলি। দীর্ঘ ৪৯২ দিন পর টেস্টে শতক হাঁকানোর আনন্দে আবেগতাড়িত হয়ে স্ত্রী আনুশকা শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের সাবেক অধিনায়ক।
রবিবার (২৫ নভেম্বর) ৩০তম টেস্ট শতরান করার পর সংবাদ সম্মেলনে কঠিন সময়ের কথা তুলে ধরেন কোহলি। তিনি বলেন, “শুরু থেকেই আমার চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে আনুশকা। যখন ভালো পারফর্ম করতে পারি না, তখন আমার মনে কী চলছে, সেটি সে জানে।”
কোহলি আরও বলেন, “আমি ব্যর্থতাকে নিজের ওপর চেপে বসতে দিই না। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আনুশকা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যার সহযোগিতা সব সময় আমার অনুপ্রেরণা।”
সেঞ্চুরির পর গ্যালারিতে থাকা আনুশকার দিকে হাসিমুখে শূন্যে চুম্বন ছুড়ে দেন বিরাট। আনুশকাও হাততালি দিয়ে তাকে সম্মান জানান। এই মুহূর্তটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ভক্ত-অনুরাগীদের মন জয় করে নেয়।
বলিউড তারকা আনুশকা শর্মা এখন অভিনয় থেকে বেশ দূরে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকে পরিবারকেই সময় দিচ্ছেন তিনি। অভিনয়ের প্রতি তার আগ্রহ কমে গেছে বলে জানিয়েছিলেন আনুশকা। তবে তার অভিনীত নতুন সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
কোহলির এই সেঞ্চুরি শুধু তার ক্রিকেট ক্যারিয়ারে নয়, ব্যক্তিগত জীবনেও এক মাইলফলক হয়ে থাকবে। স্ত্রী আনুশকার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ভক্তদের মনে আরও বেশি জায়গা করে নিয়েছে।


