মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম সাহিদা বেগম (২৪), বাড়ি ময়মনসিংহে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিরোজ কবীর জানান, সাহিদা রাজধানীর ওয়ারী এলাকায় তার ভাইয়ের সঙ্গে বসবাস করতেন এবং একটি ডে-কেয়ার সেন্টারে কাজ করতেন। তরুণীর পরিচয় শনাক্তে একটি ফোন কল সহায়তা করেছে।
তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাহিদা কার সঙ্গে শ্রীনগরে গিয়েছিলেন এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, তরুণীর পিঠ থেকে কোমর পর্যন্ত ৫টি গুলি করা হয়েছে। একটি গুলি গলা থেকে মুখের নিচ দিয়ে বের হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ ধারণা করছে, গুলি করে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ফেলে দেওয়া হয়েছে।


