চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ফেনী মডেল থানার সুলতানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের আনার পর গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় মহানগর পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তার মিঠুন চক্রবর্তী নগরের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি চসিকের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর অনুসারী। পুলিশ জানিয়েছে, নগরীর কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস ছিলেন মিঠুন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জমি দখল ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।
নগরের দামপাড়া পুলিশ সদরদপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালান মিঠুন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা হয়। সুনির্দিষ্ট তথ্য পেয়ে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন গুলি চালানোর কথা স্বীকার করেছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, বিদেশি পিস্তলটি নিজের নয় বলে জানিয়েছের মিঠুন। আরেকজনের কাছ থেকে নিয়েছিলেন। পরে ফেরত দিয়েছেন। কার কাছ থেকে তিনি অস্ত্রটি নিয়েছিলেন তা বের করার চেষ্টা চলছে।
কোটা সংস্কারের দাবিতে গত ১৬ জুলাই নগরের মুরাদপুরে জমায়েত হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে গুলিতে দুই শিক্ষার্থী ও এক আসবাবশ্রমিক নিহত হন। ওই দিন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়।


