আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ

0
88

হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।বুধবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের ব্রিফ করবে কমিশন।

জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এ তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর কারও আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস পর ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত তথ্য নেয়া হয়। এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে ২৫ লাখ ১৭ হাজার তিনজন। অর্থাৎ বিরাট সংখ্যক ভোটার নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।

ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এজন্য বছরের যেকোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের ২ মার্চ। তার আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়। সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here