আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

0
99

দিন দিন রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ঘানার আক্রা। এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৪২মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা আক্রার দূষণ স্কোর ২০৫ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২০৩ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

রাজধানী ঢাকা রয়েছে ৩ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১৮৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চার নম্বরে রয়েছে কায়রো এবং পাঁচ নম্বরে পাকিস্তানের করাচি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে।খোলা স্থানে ব্যায়াম করা যাবে না এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here