কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে প্রকাশ্যে ডাকাতিকালে একটি বিদেশি পিস্তল ও ডেগারসহ দুই ডাকাতকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- দৌলতপুর উপজেলার বাহিরমাদি সরকার পাড়া গ্রামের গোলাম নবীর পুত্র রজব সরকার (৩৫) ও ফজলুল হকের পুত্র দুর্জয় (২৩)।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার কাবাস্কান্দা গ্রামের ছাগল ব্যবসায়ী জহুরুল মোল্লা (৩৮) দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাট থেকে ছাগল কিনে অটোরিকশা করে আসার সময় উক্ত ডাকাতদ্বয় হাওয়াখালী মাঠ এলাকায় তাঁদেরকে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ছাগল ব্যবসায়ী জহুরুল চিৎকার দিয়ে দৌড় দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ডাকাতদের আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে ভেড়ামারা থানার এস আই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি-সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদেও বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দৌলতপুর থানা সূত্রে জানা যায়, আটক রজবের বিরুদ্ধে দৌলতপুর থানায় ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।

