বিপিএলের প্লে-অফে আরো বিদেশি তারকা আনার ইঙ্গিত রংপুরের

0
134
ছবি: সংগৃহীত

একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তেমন বড় নাম ছিল না। এরই মাঝে গুঞ্জন, বিপিএলের প্লে-অফে খেলতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুশীলন শেষে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার কয়েকটি বড় নাম সাইন করানোর ইঙ্গিত দিয়েছেন।

মিকি আর্থার বলেন, ‘হ্যাঁ, কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে। সব চূড়ান্ত হওয়ার পর জানাব আপনাদেরকে। আমরা যাদের সঙ্গে কথা বলছি, অনেক বড় নাম আছে এখানে। এর চেয়ে বেশি কিছু আপনাদের জানাতে পারছি না।’

এদিকে নিজেদের সবশেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল রাজশাহীর সঙ্গে হেরেছে রংপুর। তবে ভুল শুধরে শিষ্যরা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কোচ আর্থার। তার ভাষ্য, ‘আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি মনে হয়। টানা ৮ ম্যাচ আমরা ভালো খেলেছি। মাঝে ৬ দিনের গ্যাপ। এরপর সেই মোমেন্টামটা আর খুঁজে পাইনি। কিছু জায়গায় কাজ করলেই আবার ঠিক হয়ে যাব আমরা। তবে দ্রুত এটি করতে হবে আমাদের। কারণ সামনে অনেক ব্যস্ত সপ্তাহ আসছে।’

টপ-অর্ডার ব্যাটারদের রান না পাওয়ার ব্যাপারে আর্থার বলেন, ‘উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। এই উইকেট বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রোপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট ছিল। ভালো হয়নি সেখানে। সেসব নিয়ে কথা বলেছি। আমি প্রতিটি প্লেয়ারকে শতভাগ বিশ্বাস করি। কারণ তাদের পারফর্ম করতে দেখেছি। গায়ানাতে কঠিন কন্ডিশনেও তারা পারফর্ম করেছে। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। কাল ভালো একটি পারফরম্যান্স চাই।’

উল্লেখ্য, টানা ৮ জয়ে সবার আগে চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে তারা। তবে সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল। প্লে-অফের আগে দুই দলেরই আরো দুটি করে ম্যাচ রয়েছে। আগামী বুধবার রংপুরের প্রতিপক্ষ চিটাগাং কিংস এবং ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here