নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহবান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নাই। কারো করুণা নিয়ে বেঁচে থাকা যাবেনা। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।
তিনি বলেন, নারী কর্মকর্তা- কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে আসলে, দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো।
উপদেষ্টা বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি। তিনি আরো বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই।
জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহবান জানিয়ে ফরিদা আকতার বলেন, কিছু দিনের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয়, যে কোনো নির্বাচনে নারীর অংশ গ্রহণের ব্যবস্থা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোনো সরকার এ ধরনের ব্যবস্থা তৈরি করে যায়নি। যা নারীদের জন্য দুঃখজনক।
নারী-পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম তরান্বিত করার আহবান জানিয়ে তিনি বলেন, যে গতিতে কাজ হচ্ছে, এভাবে চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবেনা। এ দিবসটি থাকার ফলেই আজকে যেভাবে নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পরেছে।
ফ্যাসিবাদে নারী পুরুষ নাই, ফ্যাসিবাদ ফ্যাসিবাদই উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি। বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে, যা খুবই দুঃখজনক।
প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা.বেগম শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন অধিদতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক প্রশাসন ডা. মো. বয়জার রহমান, বিসিএস লাইভস্টক অ্যাকাডেমির সহকারী অধ্যাপক ডা. কাউসাইন মোবশ্বের, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপপরিচালক ডা. শারমিন সামাদ।
এতে স্বাগত বক্তৃতা করেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম।


