পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু। প্রতি ট্রাকে ছিল ২১ মেট্রিক টন করে আলু। আলুগুলো ছিলো এস্টারিক্স জাতের। এগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশ থেকে নেপালে ২ হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।
তিনি বলেন, আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই স্থলবন্দরটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে।


