পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছে বিসিবি

নিয়মিতভাবে পিএসএলে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি।

0
73
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে রিশাদ হাসান ও পেসার নাহিদ রানা। এ বছর তিন ক্রিকেটারকে পিএসএলের জন্য ছাড়পত্র দেওয়া হলেও কোনো ম্যাচ না খেলেই চোটের কারণে দেশে ফিরে আসেন লিটন দাস। তবে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ও পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ এখনও পাকিস্তানে অবস্থান করছে।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

হামলার পর থেকেই পাকিস্তানে থাকা দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

আজ বিসিবি থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।

বোর্ড নিয়মিতভাবে পিএসএলে অংশ নেওয়া লেগ-স্পিনার রিশাদ হোসেন এবং ফাস্ট বোলার নাহিদ রানার সঙ্গে যোগাযোগ রাখছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসেরের সঙ্গে সরাসরি কথা বলেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছেন, ‘‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তারা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’’

তাদের এখনই ফিরিয়ে আনা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী সংবাদমাধ্যম প্রথম আলোকে আরও বলেন, ‘‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here