দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে, যা দীর্ঘদিন ধরে উত্তেজনাময় এই অঞ্চলে শান্তির প্রত্যাশাকে জোরদার করেছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার (১৫ মে) এই খবর নিশ্চিত করেন।
গত ৭ মে ভারতের পক্ষ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিক নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া ইসলামাবাদ কয়েক ডজন ড্রোনও ধ্বংস করেছে। উত্তেজনা শুরুর পর যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য মধ্যস্থতা শুরু করে। ৪ মে থেকে উভয় দেশের সামরিক অভিযান প্রধানদের মধ্যে হটলাইনে যোগাযোগ চলে, যা ধাপে ধাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পথ প্রশস্ত করে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ১০ মে প্রথম দফার আলোচনায় যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১২ ও ১৪ মে আরও আলোচনার মাধ্যমে সেটি ১৮ মে পর্যন্ত সম্প্রসারিত হয়। তিনি জানান, ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছিলেন যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইসলামাবাদও প্রস্তুত। এই যুদ্ধবিরতি বৃদ্ধি সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে দক্ষিণ এশিয়ার শান্তির পথে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। দুই দেশের সাধারণ মানুষের জন্য এটি নিরাপত্তা এবং স্থিতিশীলতার নতুন আলোয় দেখায় আশা।
তথ্যসূত্র : জিও নিউজ

