মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে পুড়ল শতাধিক দোকান

0
85
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত (১৬ মে) ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েছে ৫টি ইউনিট। শুক্রবার (১৬ মে) সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, নৈশ প্রহরীরা প্রাথমিকভাবে চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এর মধ্যেই গাদাগাদি করে গড়ে ওঠা দোকানগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

বাজারের লুঙ্গি পট্টি, মিঠাই পট্টি, দুধ পট্টি, সেকা রুটি পট্টি ও মুরগী পট্টির সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শতাধিক পরিবার চোখের সামনে তাদের জীবিকার অবলম্বন হারিয়ে এখন দিশেহারা।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা তাদের পাশে আছি।”

আগুনে পুড়ে যাওয়া ‘আনোয়ার বস্ত্র বিতান’-এর মালিক মঞ্জুরুল ইসলাম জানান, তিনি হরপাড়া গ্রাম থেকে ছুটে এসেও তার দোকান রক্ষা করতে পারেননি। ছাই হয়ে যাওয়া লুঙ্গিগুলোর মূল্য প্রায় ৬০ লাখ টাকা। তিনি আরো বলেন, “সারা জীবনের সঞ্চয় গেল। এখন কী দিয়ে ঘর চালাবো?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here