ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
66
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (১৬ মে) ভোর ৬টা থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এই বিক্রি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা ২৯ মে থেকে যাত্রার জন্য আজ থেকেই টিকিট সংগ্রহ করতে পারছেন। টিকিট মিলছে সরাসরি কাউন্টার ও অনলাইনে। তবে, কিছু পরিবহন কোম্পানি শুধুমাত্র অনলাইনে টিকিট দিচ্ছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে ১৪ মে বিকেলে টিকিট বিক্রির সিদ্ধান্ত জানানো হয়। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার আগেভাগেই টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পরিবহন মালিকদের সে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে আলাদা নজরদারি থাকবে বলেও জানান রাকেশ। তিনি বলেন, সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুযায়ী তা নির্ধারণ করেন। তবে এবার বলা হয়েছে, ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

প্রসঙ্গত, চলতি বছরের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযু্ক্ত আরব আমিরাত। দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পূর্বাভাস অনুসারে, আগামী ৬ জুন শুক্রবার আমিরাতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

গত ৪ এপ্রিল এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। যদি পূর্বাভাসের ওই তারিখ ঠিক থাকে, তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদুল আজহার নামাজ আদায় করা হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

চন্দ্র মাসের হিসাবে বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ মে জিলহজ্জ মাসের প্রথম দিন পড়বে। আর জুন মাসের ৭ তারিখ হবে জিলহজ্জ মাসের ১০ তারিখ। এদিনই (১০ জিলহজ্জ) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

আরব আমিরাতের সংস্থাটির পূর্বাভাস যদি ঠিক থাকে এবং মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ হয়, তাহলে বাংলাদেশে ঈদ হবে ৭ জুন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here