পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছাত্রদল সভাপতি

0
77
ছবি: সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, পদত্যাগ ইস্যু নিয়ে বিভেদ সৃষ্টির জন্য প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু সংবাদ মাধ্যমে ছাত্রদলের ভালো নিউজ খুব একটা দেখা যায় না। জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের অনেক ভূমিকায় সংবাদ মাধ্যমে আসেনি।

রোববার (১ জুন) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, তারুণ্যের সমাবেশ ছিল আমাদের। আমি ওই রাতেই প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। বৃষ্টিতে ভেজার কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। ফলে সকাল ১১টার প্রেস কনফারেন্স মিস করি। আমাদের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি ছিল সে দুটো কর্মসূচি আমি মিস করি। পরবর্তীতে আমি পার্টিকে জানিয়েছি। আমি নিজে আমার সাধারণ সম্পাদকসহ আমার যে কলিগরা রয়েছে তাদের আমি নিজে কল দিয়ে বলেছি যে, আগামীকালের প্রগ্রামে আমি যাব না। আমি বিষয়টি পার্টিকেও জানিয়েছি। এটিকে ইস্যু করে পরে দেখলাম নিউজ করা হয়েছে।

তিনি বলেন, মানুষ তো অসুস্থ হতে পারে। অসুস্থ হতে পারে না? আমি কি রোবট? আমি আমার রাজনীতির জীবনে বিগত সাড়ে ১৫ বছর বলেন কিংবা এই সময় অসুস্থ হয়েছি সেটা আমার নিজেরই মনে পড়ে না। আমি চার বার প্রায় এক বছরের মতো জেল খেটেছি। কারাগারেও আমি অসুস্থ থাকতাম না। কিন্তু মানুষ তো অসুস্থ হতেই পারে। এটাকে ইস্যু করে নিউজ করা হয়, এতে আমি মর্মাহত হয়েছি এবং খুবই কষ্ট পেয়েছি।

ছাত্রদলের মধ্যে বিভেদ ছিল না উল্লেখ করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের মধ্যে বিভেদ ছিল না। আগামীতেও থাকবে না। আমরা আমাদের মতামতের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা করি। সেখানে ভিন্নমত আসতে পারে, একটা সিদ্ধান্তে ভিন্নমত আসতে পারে, একটা কর্মসূচিতে ভিন্ন পন্থা-পরামর্শ আসতে পারে। আমরা সেই আলোকে কর্মসূচিগুলো সাজাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here