নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

0
106
ছবি: সংগৃহীত

র‌্যালি, আলোচনা সভা, শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে র‌্যালির মধ্য দিয়ে জুলাই বিপ্লব উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে যবিপ্রবির অধ্যাপক ড. মো. শরীফ হোসেন গ্যালারিতে শুরু হয় ‘জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের আশু সুস্থতা কামনা করছি। জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করলেই নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পাই। অনেক সংগ্রাম ও ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়।”

তিনি আরো বলেন, “যদি আমরা সবাই একতাবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিয়ে এই দেশকে আদর্শ দেশ হিসেবে গড়তে পারি, তাহলেই তাদের এই আত্মত্যাগ সফল হবে। বৈষম্যহীন ও শোষণহীন দেশ গড়াই হোক আমাদের নতুন দিনের অঙ্গীকার।”

 আলোচনা সভা শেষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এছাড়াও যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, মডার্ন ফিস হ্যাচারী অ্যান্ড ওয়েট ল্যাবের ল্যাব টেকনিশিয়ান মো. জামাদুল ইসলাম জিম, যবিপ্রবির সাংবাদিক সমিতির সভাপতি মো. ওয়াশিম আকরাম, দপ্তর সম্পাদক মো. মোতালেব হোসাইন প্রমুখ।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রভাষক মো. শাহানুর রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here