নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দ্রুত পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শত শত যাত্রী।
ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক পথচারী রেললাইনের উপর লোহার শিকল ও তালা প্যাঁচানো দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের বিষয়টি জানালে খবর যায় থানা ও রেলস্টেশন কর্তৃপক্ষের কাছে। পরে নলডাঙ্গা থানার পুলিশ ও স্টেশন মাস্টার ঘটনাস্থলে এসে এক মিস্ত্রির সহায়তায় শিকলটি কেটে সরিয়ে ফেলেন।
এই ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে রাত থেকেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জ্বল আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা ও শিকল কেটে ফেলে দিই। ধারণা করছি, এটি উদ্দেশ্যমূলক নাশকতার চেষ্টা হতে পারে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই গিয়ে রেললাইন থেকে শিকলটি সরায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

