ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তবে এবার সমালোচনার পরিবর্তে প্রশংসা পেয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকরা জেলেনস্কির পোশাকের প্রশংসা করেন। এটি গত ফেব্রুয়ারি মাসের ওভাল অফিসে পোশাক নিয়ে তিক্ততার মুখোমুখি হওয়ার ঘটনা থেকে ভিন্ন প্রতিক্রিয়া।
সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, “আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে।” ফেব্রুয়ারিতে একই সাংবাদিক জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। বৈঠকের সময় ট্রাম্প বলেন, “আমিও একই ধারণা পোষণ করছি। এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন।” এই মন্তব্যে পুরো কক্ষ হাসিতে মুখরিত হয়। জেলেনস্কি জবাবে বলেন, “এটি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি।”
গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে গ্লেন জেলেনস্কিকে বলেন, “আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কি স্যুট নেই?” জবাবে জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিধান করবেন। এবার হোয়াইট হাউজে বৈঠকে জেলেনস্কি গাঢ় রঙের স্যুট পরেন এবং ট্রাম্পকে ধন্যবাদ জানান ছয়বার। এছাড়া তিনি তার স্ত্রী ওলেনা জেলেনস্কার লেখা একটি চিঠি ট্রাম্পের কাছে দেন, যা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাতে পৌঁছে দিতে বলেন।
শুধু জেলেনস্কি নয়, ইউরোপীয় নেতারাও ট্রাম্পের প্রশংসায় ভাসান। ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, “আমি সত্যিই আপনার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে চাই।” ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “রাশিয়া আগে শান্তির পথে এগোতে আগ্রহ দেখায়নি, কিন্তু ট্রাম্পের কারণে পরিস্থিতি বদলেছে।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে পুরো ইউরোপের নিরাপত্তাও সংযুক্ত।”
তথ্যসূত্র : এনডিটিভি, বিবিসি

