যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত বাল্টিমোরে একটি কয়লা বহনকারী কার্গো জাহাজে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে এবং তীব্র ধোঁয়ার কালো স্তূপ আকাশে ছড়িয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ সম্পন্ন হয়েছে।
এই বিস্ফোরণ ঘটেছে বাল্টিমোর হারবার থেকে বহির্গামী চ্যানেলে, যেখানে গত বছর ফ্রান্সিস স্কট কি ব্রিজ ধসে মৃত্যু হয়েছিল। জাহাজটি “ডব্লিউ-স্যাফায়ার” নামে পরিচিত। বিস্ফোরণের কারণ এবং আগুনের উৎস এখন তদন্তাধীন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ টায় এই ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের পেট্টি অফিসার ম্যাথিউ ওয়েস্ট জানিয়েছেন, কোস্ট গার্ড ও বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এখনও জাহাজ থেকে কালো ধোঁয়া উঠছে। জাহাজে ২৩ জন ক্রু ছিলেন এবং কেউ আহত হয়নি। তবে জাহাজে আগুন ও বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। নিরাপত্তার জন্য ৫০০ গজের সুরক্ষা জোন তৈরি করা হয়েছে, যা মূল শিপিং চ্যানেলে চলাচলে প্রভাব ফেলতে পারে। চ্যানেলের প্রস্থ প্রায় ৭০০ ফুট।
উল্লেখ্য, গত বছর ২৬ মার্চ-এ একটি কার্গো জাহাজ ফ্রান্সিস স্কট কি ব্রিজে ধাক্কা মেরে আংশিক ধস ঘটায়, যাতে ছয়জন নির্মান শ্রমিক নিহত হয়। তথ্যসূত্র : এনবিসি নিউজ

