আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাঠে এখনও সক্রিয় রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে ব্যাট-বল হাতে দেখা যাবে তাকে। আসন্ন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজি আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই তারকা ক্রিকেটার।
৭ থেকে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডাল শহরের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। মোট ছয়টি দল অংশ নেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ প্রতিযোগিতায়।
আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহর অংশগ্রহণ নিশ্চিত করে লিখেছে, “স্টার পাওয়ার আনলকড! আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আটলান্টা ফায়ারের হয়ে।”
এতেই শেষ নয়, জানা গেছে একই দলে খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও আটলান্টা ফায়ারের জার্সিতে মাঠে নামবেন তিনি। ফলে আবারও একই দলে খেলতে দেখা যাবে বাংলাদেশ দলের সাবেক এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদউল্লাহ ১৪১টি টি-টোয়েন্টিতে ২,৪৪৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে তিনি পিএসএল, সিপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মাঠেও নিজের দক্ষতা দেখানোর অপেক্ষায় আছেন তিনি।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান এই অলরাউন্ডার।

