ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সতর্ক করে বলেছেন, ভারত যদি শুল্ক কমাতে উদ্যোগী না হয়, তবে দুই দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাওয়া ভারতের জন্য কঠিন হয়ে পড়বে। বিশেষ করে কৃষিপণ্য আমদানিতে ভারতের অনীহা যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত ১৪০ কোটি মানুষের দেশ দাবি করলেও সামান্য মার্কিন ভুট্টাও কিনতে চায় না। কেন এত বড় দেশ যুক্তরাষ্ট্র থেকে এক বুশেল ভুট্টাও আমদানি করতে পারবে না? এটা কি ন্যায্য?” তার অভিযোগ, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক বসালেও যুক্তরাষ্ট্রের বাজার ভারতের জন্য পুরোপুরি খোলা।
লুটনিক আরও বলেন, “তারা আমাদের অর্থনীতিতে প্রবেশের সব পথ বন্ধ রেখেছে, অথচ আমাদের কাছে সবকিছু বিক্রি করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, শুল্ক কমাও— তোমরা আমাদের যেমন ব্যবহার করবে, আমরাও তেমনই ব্যবহার করব।”
তিনি হুঁশিয়ারি দেন, বছরের পর বছর ধরে চলা এ ধরনের অন্যায্য আচরণের অবসান না হলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা ভারতের জন্য কঠিন হয়ে পড়বে।
ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার কারণে দিল্লির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সস্তায় তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেনে রুশ আগ্রাসনকে সহায়তা করছে।
বিশ্লেষকদের মতে, ভারত যদি শুল্কনীতি শিথিল না করে, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র : এনডিটিভি

