কঙ্গোতে ভয়াবহ ইবোলা রোধে ডব্লিউএইচও’র টিকা কার্যক্রম শুরু

0
45

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) কাসাই প্রদেশের বুলাপে স্বাস্থ্য জোনে টিকাদান কর্মসূচি শুরু হয়, যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। প্রথম পর্যায়ে ৪০০ জন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের “রিং ভ্যাকসিনেশন” কৌশলে টিকা দেওয়া হচ্ছে।

প্রথম ধাপে কিনশাসা থেকে পাঠানো ৪০০ ডোজ এরভেবো (Ervebo) টিকা ব্যবহার করা হচ্ছে। এটি জাইর ইবোলাভাইরাসের বিরুদ্ধে কার্যকর, যা বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী। আন্তর্জাতিক কো-অর্ডিনেশন গ্রুপ আরও ৪৫ হাজার ডোজ কঙ্গোতে পাঠানোর অনুমোদন দিয়েছে।

এ ছাড়া, ডব্লিউএইচও নজরদারি, চিকিৎসা, সংক্রমণ প্রতিরোধ ও লজিস্টিক সহায়তার জন্য ৪৮ জন বিশেষজ্ঞ মোতায়েন করেছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় ম্যাব১১৪ (Mab114) মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি সরবরাহ করা হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি জাতীয় পর্যায়ে ‘উচ্চ’, আঞ্চলিক পর্যায়ে ‘মধ্যম’ এবং বৈশ্বিকভাবে ‘নিম্ন’।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি