সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এবার ৫২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
ইউএনও কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৪১টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত মণ্ডপ মিলিয়ে মোট ৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ থাকবে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সীমান্তবর্তী গজুকাটা, নয়াগ্রাম ও বারুড়া এলাকার তিনটি মণ্ডপকে। সেখানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হবে।
বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন বলেন, “প্রতিটি মণ্ডপে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বেশির ভাগ মণ্ডপে বাইরে থেকে প্রতিমা আনা হয়েছে, অলংকরণের কাজ চলছে শেষ মুহূর্ত পর্যন্ত।”
পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক বিপ্লব চক্রবর্তী জানান, জেলা ও উপজেলা প্রশাসন তাদের নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান বলেন, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার-ভিডিপি ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না জানান, “সীমান্ত এলাকাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও দায়িত্ব পালন করবে।”

