আজ বিজয়া দশমী: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা

0
38

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হচ্ছে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় এই উৎসব। গত রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হয়েছিল।

সকালে দেশজুড়ে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা, এরপর দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জন। শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যান।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর মূল শিক্ষা হলো—অসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লোভ বিসর্জন দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা।

নারীদের অন্যতম আকর্ষণীয় আয়োজন সিঁদুর খেলা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নারীরা একে অপরকে রাঙিয়ে তোলেন স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায়। রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দির, বনানী ও কৃষিবিদ ইনস্টিটিউটের মণ্ডপে থাকবে সিঁদুর খেলার বিশেষ আয়োজন।

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। দুর্গোৎসব উপলক্ষে আজ সরকারি ছুটি থাকছে।

বিদায়ের সুর বাজলেও এই দিনে ভক্তদের প্রার্থনা—“আসছে বছর আবার হবে।”