অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেকোনো নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনগণ এবং তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তিনি মন্তব্য করেন, দেশের জনগণ নির্বাচন সম্পর্কে খুবই সচেতন এবং বর্তমানে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হওয়ায় একটি নির্বাচনি আমেজ বিরাজ করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আর জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না।”
উপদেষ্টা বুধবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) ডিএমপি’কে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের প্রচেষ্টায় নির্বাচনটি যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
তিনি উল্লেখ করেন, অপরাধের সংখ্যা ও পুলিশের ওপর হামলার ঘটনা কমে আসছে, কারণ জনগণ আগের চেয়ে সচেতন হচ্ছে। জনগণ যখন বুঝবে কোনো অপরাধ খারাপ, তখন তারাই এর প্রতিকারে এগিয়ে আসবে।
পুলিশের যানবাহনের অপ্রতুলতার কথা উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ও উদ্ভূত বিভিন্ন ঘটনায় বাংলাদেশ পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ভস্মীভূত ও ধ্বংসপ্রাপ্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এর মধ্যে ডাবল কেবিন পিকআপ ২৪১টি, মোটরসাইকেল ২১৭টি ও অন্যান্য যানবাহন ৬৮টি।
এই ক্ষতি পুষিয়ে নিতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের জন্য মোট ৪১৮টি যানবাহন ক্রয় করা হয়েছে। এর মধ্যে ২০০টি ডাবল কেবিন পিকআপ প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ক্রয় করা হয়েছে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এসব যানবাহনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ দ্রুত জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-সহ ডিএমপি’র অতিরিক্ত কমিশনারগণ উপস্থিত ছিলেন।

